১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) ১৫ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পরিচালিত এই প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল, পূর্ণমান ছিল ১০০ এবং সময় ছিল ৬০ মিনিট।
প্রশ্নসমূহ চারটি বিষয়ের উপর ভিত্তি করে সাজানো ছিল: বাংলা (২৫), ইংরেজি (২৫), সাধারণ গণিত (২৫) এবং সাধারণ জ্ঞান (২৫)। এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যাসহ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো।
পরীক্ষার সারসংক্ষেপ:
- প্রতিষ্ঠান: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
- পদ: সহকারী শিক্ষক (স্কুল পর্যায়)
- পরীক্ষার তারিখ: ১৫ মার্চ, ২০২৪
- সময়: ৬০ মিনিট
- পূর্ণমান: ১০০
- মোট প্রশ্ন: ১০০ (বহুনির্বাচনী)
বিষয়ভিত্তিক গাইড (১১টি বই)
প্রশ্ন ব্যাংক (৬টি বই)
বাংলা (প্রশ্ন ১-২৫)
১. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ক) তৎসম শব্দের বহুলতা খ) তদ্ভব শব্দের বহুলতা গ) প্রাচীনতা ঘ) অমার্জিততা
উত্তর: খ) তদ্ভব শব্দের বহুলতা
ব্যাখ্যা: চলিত ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের বহুল ব্যবহার এবং সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। এটি পরিবর্তনশীল, লঘু, চঞ্চল ও সাবলীল—বক্তৃতা, আলাপ ও নাট্য সংলাপের উপযোগী। অন্যদিকে সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি এবং তা গুরুগম্ভীর ও প্রাচীন রূপ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২. 'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?
ক) ডাকঘর খ) খোলা ডাক গ) উপবিধি ঘ) লেখস্বত্ব
উত্তর: খ) খোলা ডাক
ব্যাখ্যা: 'Book Post' শব্দের বাংলা পারিভাষিক রূপ 'খোলা ডাক'। অন্য অপশনগুলোর পারিভাষিক অর্থ: Post-office = ডাকঘর, By-law = উপবিধি, Copyright = লেখস্বত্ব। অন্যান্য গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: Book Keeper = হিসাব রক্ষক, Librarian = গ্রন্থাগারিক, Booklet = পুস্তিকা, Book binder = দপ্তরি। উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) হিন্দি খ) উর্দু গ) পর্তুগিজ ঘ) গ্রিক
উত্তর: গ) পর্তুগিজ
ব্যাখ্যা: 'পেয়ারা' (বিশেষ্য) পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। অর্থ: ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা মাঝারি আকৃতির চিরহরিৎ উদ্ভিদের ফল। পর্তুগিজ ভাষা থেকে আসা অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ: আনারস, গীর্জা, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদ্রি, কামরা, বোতল, জানালা, বোতাম, গামলা, সাবান, তোয়ালে। উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
ক) দ্বন্দ্ব খ) দ্বিগু গ) তৎপুরুষ ঘ) বহুব্রীহি
উত্তর: ক) দ্বন্দ্ব
ব্যাখ্যা: দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থের সমান প্রাধান্য থাকে। যেমন: জায়া ও পতি = দম্পতি; ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা। অন্যদিকে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য থাকে না। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক) হাত + ল = হাতল খ) চল্ + অন্ত = চলন্ত গ) রাধ্ + না = রান্না ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) হাত + ল = হাতল
ব্যাখ্যা: শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: মধুর + ষ্ণ = মাধুর্য। 'হাত + ল = হাতল' তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ (বিশেষণ গঠনে যেমন—শীত + ল = শীতল)। অন্যদিকে চল্ + অন্ত = চলন্ত এবং রাধ্ + না = রান্না—এগুলো কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
ক) ৯ টি খ) ১০ টি গ) ১১ টি ঘ) ১২ টি
উত্তর: ঘ) ১২ টি
ব্যাখ্যা: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণির ২০১৯ সংস্করণ অনুসারে বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১২ টি— কমা, সেমিকোলন, দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, ড্যাশ, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী, হাইফেন, ইলেক ও ত্রিবিন্দু। উল্লেখ্য, প্রমিত বাংলা ব্যাকরণ (বাংলা একাডেমি) অনুসারে ছেদ চিহ্ন ১৬টি, যা অধিক গ্রহণযোগ্য।
৭. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
ক) অতি আকাঙ্ক্ষিত বস্তু খ) অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি গ) অদৃষ্টের পরিহাস ঘ) বিশেষ সম্মানিত ব্যক্তি
উত্তর: খ) অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
ব্যাখ্যা: 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ 'অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি'—কিছু ক্ষেত্রে 'সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ' অর্থেও ব্যবহৃত হয়। বাক্যে: তুমি নদের চাঁদ, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। অন্যান্য বাগধারা: 'অদৃষ্টের পরিহাস' = ভাগ্যের বিড়ম্বনা, 'ইতর বিশেষ' = পার্থক্য, 'এলাহি কাণ্ড' = বিরাট আয়োজন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮. 'যার কোনো মূল্য নেই' — সমার্থক বাগধারা কোনটি?
ক) ডাকাবুকো খ) তুলসী বনের বাঘ গ) কাঠের পুতুল ঘ) ঢাকের বায়া
উত্তর: ঘ) ঢাকের বায়া
ব্যাখ্যা: 'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ 'যার কোনো মূল্য নেই'। বাক্য: তোমার মতো ঢাকের বাঁয়ার সঙ্গে থাকাও যা, না থাকাও তাই। অন্য বাগধারার অর্থ: ডাকাবুকা = দুরন্ত বা নির্ভীক, তুলসী বনের বাঘ = ভণ্ড সাধু, কাঠের পুতুল = নির্জীব বা অসার। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯. কোন বানানটি শুদ্ধ?
ক) শ্রদ্ধাঞ্ছলী খ) দারিদ্রতা গ) বৈশিষ্ট ঘ) উপর্যুক্ত
উত্তর: ঘ) উপর্যুক্ত
ব্যাখ্যা: 'উপর্যুক্ত' বানানটি শুদ্ধ। এর প্রকৃতি ও প্রত্যয়: উপরি + উক্ত; অর্থ—পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন। অন্যদের শুদ্ধ বানান: শ্রদ্ধাঞ্ছলী → শ্রদ্ধাঞ্জলি; দারিদ্রতা → দারিদ্র্য/দরিদ্রতা; বৈশিষ্ট → বৈশিষ্ট্য। উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১০. অনুবাদ কত প্রকার?
ক) ১ প্রকার খ) ২ প্রকার গ) ৩ প্রকার ঘ) ৪ প্রকার
উত্তর: খ) ২ প্রকার
ব্যাখ্যা: অনুবাদের অর্থ ভাষান্তরকরণ—কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা। অনুবাদ প্রধানত দুই প্রকার: (১) আক্ষরিক অনুবাদ—মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে, যেমন "Many men many mind" = "অনেক মানুষ অনেক মন"; (২) ভাবানুবাদ—মূল ভাব অক্ষুণ্ন রেখে নিজের ভাষায় উপস্থাপনা, যেমন "Many men many mind" = "নানা মুনির নানা মত"। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) চলৎ + চিত্র খ) চল + চিত্র গ) চলচ + চিত্র ঘ) চলিচ + চিত্র
উত্তর: ক) চলৎ + চিত্র
ব্যাখ্যা: ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়। যেমন: চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ); বিপদ্ + জনক = বিপজ্জনক; উৎ + লাস = উল্লাস। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২. সন্ধির প্রধান সুবিধা কী?
ক) লেখার সুবিধা খ) উচ্চারণের সুবিধা গ) পড়ার সুবিধা ঘ) শোনার সুবিধা
উত্তর: খ) উচ্চারণের সুবিধা
ব্যাখ্যা: পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন—অর্থাৎ উচ্চারণের সুবিধা। বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রেও সন্ধির সূত্র কাজে লাগে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩. 'পুকুরে মাছ আছে' — এখানে পুকুরে কোন কারক?
ক) কর্ম কারক খ) অপাদান কারক গ) সম্প্রদান কারক ঘ) অধিকরণ কারক
উত্তর: ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। উদাহরণ: 'পুকুরে মাছ আছে' (কোথায় আছে? পুকুরে) — অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অনুরূপ: 'বনে বাঘ আছে', 'ঘাটে নৌকা বাঁধা আছে'। উৎস: বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪. 'ডাক্তার ডাক' — কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃ কারকে শূন্য বিভক্তি খ) কর্ম কারকে শূন্য বিভক্তি গ) করণ কারকে শূন্য বিভক্তি ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) কর্ম কারকে শূন্য বিভক্তি
ব্যাখ্যা: যাকে আশ্রয় করে বা অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম কারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ: ১মা/শূন্য: 'ডাক্তার ডাক', 'বই এনো'; ২য়া: 'ডাক্তারকে ডাক', 'তাকে বল'; ৬ষ্ঠী: 'তার দেখা পাইনি'; ৭মী: 'জিজ্ঞাসিব জনে জনে'। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫. নিচের কোনটি নিত্য সমাস?
ক) পঞ্চনদ খ) বেয়াদব গ) দেশান্তর ঘ) ভালমন্দ
উত্তর: গ) দেশান্তর
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। সমস্তপদের শেষে 'অন্তর' থাকলে ব্যাসবাক্যে 'অন্য' হয়। যেমন: দেশান্তর = অন্য দেশ; গ্রামান্তর = অন্য গ্রাম। অন্যদিকে: ভালমন্দ (ভালো-মন্দ) দ্বন্দ্ব সমাস; বেয়াদব (আদবের অভাব) অব্যয়ীভাব; পঞ্চনদ (পঞ্চ নদের সমাহার) দ্বিগু সমাস। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
ক) অচল খ) অদ্রি গ) কনক ঘ) অবনী
উত্তর: ঘ) অবনী
ব্যাখ্যা: 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বিশ্ব, বসুমতী, মেদিনী, জগৎ, ব্রহ্মাণ্ড, ভুবন, ভূমি ইত্যাদি। (বাংলা একাডেমির শুদ্ধ বানান 'অবনি')। অন্যদিকে 'কনক' = স্বর্ণের সমার্থক; 'অচল', 'অদ্রি' = পর্বতের সমার্থক। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭. 'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো —
ক) চাঁদ খ) জ্যোৎস্না গ) পদ্মফুল ঘ) মুকুল
উত্তর: খ) জ্যোৎস্না
ব্যাখ্যা: 'কৌমুদী' শব্দটি 'জ্যোৎস্না'-এর সমার্থক। 'জ্যোৎস্না'-এর অন্যান্য সমার্থক শব্দ: জোছনা, চন্দ্রালোক, চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা। অন্যদিকে কুমুদ/কুমুদী = পদ্ম; কুমুদনাথ = চাঁদ। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮. 'যা বলা হয়নি' — এক কথায় তাকে কী বলে?
ক) অকথ্য খ) অনুক্ত গ) নির্বাক ঘ) মূক
উত্তর: খ) অনুক্ত
ব্যাখ্যা: 'যা বলা হয়নি' এক কথায় বলে 'অনুক্ত'। আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: 'যা বলার যোগ্য নয়' = অকথ্য; 'যা বলা হচ্ছে' = বক্ষ্যমাণ; 'যা উচ্চারণ করা যায় না' = অনুচ্চার্য; 'যা পূর্বে ছিল এখন নেই' = ভূতপূর্ব; 'যা লাফিয়ে চলে' = প্লবগ; 'যা অধ্যয়ন করা হয়েছে' = অধীত; 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯. 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
ক) চান্দ্র খ) চাঁদ গ) চন্দ্রা ঘ) চান্দ্রা
উত্তর: ক) চান্দ্র
ব্যাখ্যা: 'চন্দ্র' এর বিশেষণ রূপ 'চান্দ্র'। 'চান্দ্র' (বিশেষণ) অর্থ চন্দ্র সম্পর্কিত। 'চন্দ্র' (বিশেষ্য) বলতে বোঝায়: পৃথিবীর উপগ্রহ যা পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে। 'চন্দ্র' এর সমার্থক শব্দ: চাঁদ, চন্দ্রমা, নিশাকর, শশধর, হিমাংশু, সুধাংশু, সুধাকর, ইন্দু, বিধু, শশী, সোম, মৃগাঙ্ক। উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
২০. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
ক) সমুচ্চয়ী খ) সংযোজক গ) অনুকার ঘ) অনুসর্গ
উত্তর: ঘ) অনুসর্গ
ব্যাখ্যা: যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে (যেমন: 'ওকে দিয়ে এ কাজ হবে না'—এখানে 'দিয়ে' অনুসর্গ)। অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত। অব্যয় প্রধানত চার প্রকার: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ (পদান্বয়ী) ও অনুকার (ধ্বন্যাত্মক)। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১. "A bolt from the blue" বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ক) যতো গজে ততো বর্ষে না খ) গরিবের ঘোড়া রোগ গ) বিনা মেঘে বজ্রপাত ঘ) অতি লোভে তাঁতি নষ্ট
উত্তর: গ) বিনা মেঘে বজ্রপাত
ব্যাখ্যা: "A bolt from the blue" — অর্থ আকস্মিক দুঃসংবাদ; সঠিক বাংলা প্রবচন 'বিনা মেঘে বজ্রপাত'। অন্যান্য: "Much cry, little wool" / "Barking dogs seldom bite" = যত গর্জে তত বর্ষে না; "Grasp all, lose all" = অতি লোভে তাঁতি নষ্ট; "Better late than never" = একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো; "Birds of a feather flock together" = চোরে চোরে মাসতুতো ভাই। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২. 'আমি' শব্দটি কোন লিঙ্গ?
ক) পুংলিঙ্গ খ) স্ত্রী লিঙ্গ গ) ক্লীব লিঙ্গ ঘ) উভয় লিঙ্গ
উত্তর: ঘ) উভয় লিঙ্গ
ব্যাখ্যা: 'আমি' সর্বনাম শব্দটি উভয়লিঙ্গ, কারণ এটি পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বাংলা ভাষায় সর্বনাম শব্দে নারী-পুরুষবাচক পার্থক্য করা হয় না। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৩. 'সংশয়' এর বিপরীত শব্দ কোনটি?
ক) নির্ভয় খ) দ্বিধা গ) প্রত্যয় ঘ) বিস্ময়
উত্তর: গ) প্রত্যয়
ব্যাখ্যা: 'সংশয়' শব্দটির অর্থ সন্দেহ বা দ্বিধা; এর বিপরীত শব্দ 'প্রত্যয়' যার অর্থ বিশ্বাস বা দৃঢ় ধারণা। সংশয় শব্দের সমার্থক: দ্বিধা, সন্দেহ, দ্বন্দ্ব। উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৪. 'কেবল দর্শন করা হয়েছে এমন' — এক কথায় প্রকাশ কী?
ক) দৃষ্টি খ) সন্দর্শিত গ) দৃশ্যমান ঘ) দৃষ্ট
উত্তর: ঘ) দৃষ্ট
ব্যাখ্যা: 'কেবল দর্শন করা হয়েছে এমন' এক কথায় 'দৃষ্ট'। সংশ্লিষ্ট শব্দ: 'দৃষ্টি' (বিশেষ্য) = দেখা, নজর; 'দৃশ্যমান' (বিশেষণ) = দেখা যায় এমন; 'সন্দর্শিত' = ভালোভাবে দর্শন করা হয়েছে এমন। উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৫. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক) অপগত খ) পরাগত গ) বিষমীভবন ঘ) সমীভবন
উত্তর: গ) বিষমীভবন
ব্যাখ্যা: শব্দমধ্যস্থ দুটি সমবর্ণের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন: 'লাল' > 'নাল' (এক ল > ন)। অন্যদিকে সমীভবন হলো দুটি ভিন্ন ধ্বনির একটি প্রভাবে অন্যটি একই রকম হয়ে যাওয়া (যেমন: 'জন্ম' > 'জম্ম')। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); প্রমিত বাংলা ব্যাকরণ, ড. মোহাম্মদ আমীন।
English (প্রশ্ন ২৬-৫০)
26. 'Pass out' means —
ক) die খ) faint গ) disappear ঘ) cross
Answer: খ) faint
ব্যাখ্যা: 'Pass out' (phrasal verb) means to become unconscious / faint / lose consciousness (অজ্ঞান হওয়া, জ্ঞান হারানো)। অন্য অপশন — die = মারা যাওয়া; disappear = অদৃশ্য হওয়া; cross = পার হওয়া। Source: Accessible Dictionary, Bangla Academy; Oxford Learner's Dictionary.
27. The police is looking ___ the mother.
ক) to খ) on গ) into ঘ) at
Answer: গ) into
ব্যাখ্যা: 'Look into' means to investigate / examine (তদন্ত করা)। উদাহরণ: The police is looking into the matter. Source: Cambridge Dictionary.
28. The phrase 'Man of parts' means —
ক) honest খ) sincere গ) talented ঘ) worthless
Answer: গ) talented
ব্যাখ্যা: 'A man of parts' — a man with great ability in many different areas (মেধাবী, অত্যন্ত দক্ষ)। Ex: Your brother is a man of parts in this matter (এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ লোক)।
29. Select the same meaning — 'pragmatic'.
ক) wasteful খ) productive গ) practical ঘ) fussy
Answer: গ) practical
ব্যাখ্যা: 'Pragmatic' (adj.) — solving problems in a sensible way that suits current conditions; ব্যবহারিক, প্রায়োগিক, কার্যসিদ্ধিমূলক। এর সমার্থক শব্দ 'practical'। Source: Cambridge Dictionary; Accessible Dictionary, Bangla Academy.
30. Antonym of 'Ally' is —
ক) friend খ) child গ) congested ঘ) enemy
Answer: ঘ) enemy
ব্যাখ্যা: 'Ally' মানে মিত্র, সহায়তাকারী ব্যক্তি বা সহযোগী। এর বিপরীত শব্দ 'enemy' (শত্রু, শত্রুপক্ষের লোক)। Source: Accessible Dictionary, Bangla Academy.
31. Had I the wings of a bird! (Make it Assertive)
ক) I had the wings of a bird খ) I may have the wings of a bird গ) I wish I had the wings of a bird ঘ) I should have the wings of a bird
Answer: গ) I wish I had the wings of a bird
ব্যাখ্যা: Exclamatory Sentence যদি 'Had', 'Could', 'Were' দ্বারা আরম্ভ হয়, তবে Assertive-এ রূপান্তরের সময় প্রথমে 'I wish' বসে; এরপর subject + had/could/were + বাকি অংশ। Note of exclamation উঠে যায়। Exclamatory: Had I the wings of a bird! → Assertive: I wish I had the wings of a bird.
32. He ___ over his illness in two weeks.
ক) on খ) by গ) with ঘ) got
Answer: ঘ) got
ব্যাখ্যা: 'Get over' — to feel better after an illness (অসুস্থতা কাটিয়ে ওঠা)। পূর্ণ বাক্য: He got over his illness in two weeks. সংশ্লিষ্ট: get on with somebody = কারো সঙ্গে মিলেমিশে চলা; get on with something = কোনোকিছু নিয়ে এগিয়ে চলা।
33. My uncle arrived while I ___ (cook) the dinner.
ক) would cook খ) had cooked গ) cook ঘ) was cooking
Answer: ঘ) was cooking
ব্যাখ্যা: 'While' দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে, একটি past indefinite হলে অন্যটি past continuous হয়। এখানে 'arrived' past indefinite, তাই অপর অংশে past continuous — 'was cooking' বসবে। পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
34. He advised me ___ (give) smoking.
ক) giving up খ) to give up গ) from giving up ঘ) in giving up
Answer: খ) to give up
ব্যাখ্যা: 'Advise', 'manage', 'arrange', 'demand', 'fail', 'desire', 'propose', 'seem', 'forget', 'hope' ইত্যাদি verb-এর পরে অন্য verb ব্যবহার করতে হলে infinitive (to + base form) বসে। পূর্ণ বাক্য: He advised me to give up smoking.
35. There is ___ tea in the cup.
ক) very little খ) any গ) very few ঘ) many
Answer: ক) very little
ব্যাখ্যা: 'Tea' uncountable noun। Uncountable noun-এর সাথে 'little', 'a little', 'much', 'very little' ইত্যাদি বসে; countable noun-এর পূর্বে বসে 'few', 'a few', 'many', 'any'। তাই সঠিক determiner 'very little'। পূর্ণ বাক্য: There is very little tea in the cup.
36. The old lady cannot help ___ a cup of tea.
ক) to drink খ) take গ) having ঘ) to taking
Answer: গ) having
ব্যাখ্যা: 'Cannot help / cannot but' অর্থ — না করে না পারা। 'Cannot but'-এর পর verb-এর base form বসে; কিন্তু 'cannot help'-এর পর verb + ing বসে। পূর্ণ বাক্য: The old lady cannot help having a cup of tea.
37. A true patriot can die ___ his country.
ক) for খ) of গ) in ঘ) by
Answer: ক) for
ব্যাখ্যা: ভালো কাজ বা দেশের জন্য মারা যাওয়া বোঝাতে 'die for' বসে। 'Die'-এর অন্যান্য preposition: die of (disease) — He died of cholera; die from (effect) — He died from a snake bite; die in (accident/place) — He died in an accident; die on (day/spot) — He died on Monday.
38. What is lotted cannot be blotted. (Active)
ক) Must be blot we lot খ) We cannot blot what we must lot গ) We must blot what we cannot lot ঘ) We must be blotted what we cannot lot
Answer: খ) We cannot blot what we must lot
ব্যাখ্যা: মূল প্রবাদটির অর্থ — যা ভাগ্যে লেখা আছে তা মুছে ফেলা যায় না। Passive 'What is lotted cannot be blotted' এর সঠিক Active রূপ 'We cannot blot what we must lot'—এটি মূল অর্থ যথাযথ বহন করে।
39. 'Lingua franca' means —
ক) common language খ) maiden speech গ) second language ঘ) mother tongue
Answer: ক) common language
ব্যাখ্যা: 'Lingua franca' — বহু ভাষাভাষী অঞ্চলে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত একটি সাধারণ ভাষা। Ex: English is used as a lingua franca among many airline pilots. Source: Merriam-Webster Dictionary; Accessible Dictionary, Bangla Academy.
40. The work is to be ___ immediately.
ক) done খ) do গ) did ঘ) doing
Answer: ক) done
ব্যাখ্যা: বাক্যটি passive construction ('to be + past participle')। শূন্যস্থানে past participle দরকার। অপশনগুলোর মধ্যে কেবলমাত্র 'done' past participle form-এ আছে। পূর্ণ বাক্য: The work is to be done immediately.
41. The word 'Garrulous' means —
ক) wordless খ) talkingless গ) talking too much ঘ) speechless
Answer: গ) talking too much
ব্যাখ্যা: 'Garrulous' (adj.) — having the habit of talking a lot, especially about unimportant things; বাচাল, বাক্যবাগীশ। Synonyms: talkative, chattering, loquacious, chatty। Antonyms: taciturn, reticent, concise।
42. 'কিছু করার আগে ভালো করে ভেবে নাও' — এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক) Think before you leap খ) Look before you do গ) Think before you do anything ঘ) Look before you leap
Answer: ঘ) Look before you leap
ব্যাখ্যা: 'Look before you leap' একটি প্রবাদ, যার অর্থ — সম্ভাব্য পরিণাম বিবেচনা না করে তড়িঘড়ি কিছু কোরো না। বাংলা প্রবচন: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। Source: Oxford Dictionary.
43. What parts of speech is the word 'Fatherly'?
ক) verb খ) adjective গ) adverb ঘ) noun
Answer: খ) adjective
ব্যাখ্যা: সাধারণত noun-এর সাথে '-ly' যোগ হয়ে adjective গঠিত হয় (যেমন: father → fatherly, friend → friendly, love → lovely)। তাই 'Fatherly' একটি adjective — অর্থ পিতৃসুলভ।
44. Your clock has run ___ .
ক) short খ) soon গ) down ঘ) up
Answer: গ) down
ব্যাখ্যা: 'Run down' (phrasal verb) — (of a vehicle/machine) to stop functioning due to losing power; যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়া। পূর্ণ বাক্য: Your clock has run down. Source: Oxford Learner's Dictionary.
45. The noun form of 'approve' is —
ক) approof খ) approveness গ) approvalty ঘ) approval
Answer: ঘ) approval
ব্যাখ্যা: Approve (verb) — সমর্থন করা; Approval (noun) — অনুমোদন, সমর্থন। অন্যান্য রূপ: approved (adj.), approvingly (adv.), approvedness (n.)। Source: Merriam-Webster Dictionary.
46. 'লাইনটি কেটে দাও' — এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক) Cut the line খ) Cross the line গ) Give up the line ঘ) Pen through the line
Answer: ঘ) Pen through the line
ব্যাখ্যা: কোনো শব্দ, বাক্য বা লাইন কেটে দেওয়া বোঝাতে group verb 'pen through' ব্যবহৃত হয়। সুতরাং 'লাইনটি কেটে দাও' এর শুদ্ধ ইংরেজি — 'Pen through the line'।
47. Metro rail is one of the greatest achievements of Bangladesh. — Find out the correct sentence.
ক) Metro rail is a very great achievement of Bangladesh খ) Very few achievements of Bangladesh are as great as Metro rail গ) Metro rail is greater than any other achievement of Bangladesh ঘ) No other achievement of Bangladesh is as great as Metro rail
Answer: খ) Very few achievements of Bangladesh are as great as Metro rail
ব্যাখ্যা: 'One of the + superlative' যুক্ত বাক্যকে positive-এ পরিবর্তনের নিয়ম: 'Very few + plural noun + verb + as + positive degree + as + subject of positive sentence.' Superlative: Metro rail is one of the greatest achievements of Bangladesh → Positive: Very few achievements of Bangladesh are as great as Metro rail.
48. The synonym of 'Franchise' is —
ক) charter খ) licence গ) all of the above ঘ) privilege
Answer: ঘ) privilege
ব্যাখ্যা: 'Franchise' — কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার। 'Privilege' — বিশেষাধিকার। উভয় শব্দই "বিশেষ অধিকার" অর্থ প্রকাশ করে, তাই সমার্থক। Charter = সনদপত্র; Licence = অনুমতিপত্র। Source: Cambridge Dictionary।
49. Choose the direct speech of the sentence: 'She told me to stand up'.
ক) She said, "Do stand up" খ) She told, "Stand up" গ) She said me, "Stand up" ঘ) She said to me, "Stand up"
Answer: ঘ) She said to me, "Stand up"
ব্যাখ্যা: Imperative sentence-এর indirect-কে direct করার সময় told/requested/ordered/commanded এর জায়গায় 'said to' বসে এবং indirect-এর 'to' উঠে যায়। Indirect: She told me to stand up. → Direct: She said to me, 'Stand up'.
50. He said that he ___ the previous day.
ক) has come খ) came গ) arrived ঘ) had come
Answer: ঘ) had come
ব্যাখ্যা: Direct narration-এর simple past tense, indirect narration-এ past perfect tense-এ পরিবর্তিত হয়। 'Yesterday' indirect-এ 'the previous day' হয়। Direct: He said, 'I came yesterday.' → Indirect: He said that he had come the previous day.
সাধারণ গণিত (প্রশ্ন ৫১-৭৫)
৫১. লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?
ক) ২০ বছর খ) ২৫ বছর গ) ৩০ বছর ঘ) ৩৫ বছর
উত্তর: ঘ) ৩৫ বছর
ব্যাখ্যা: প্রশ্নমতে, (লাবিব + রামিম + জিদান)/৩ − (লাবিব + রামিম + শাফিন)/৩ = ৫। সরল করলে জিদান − শাফিন = ১৫। তাই জিদান = ২০ + ১৫ = ৩৫ বছর।
৫২. দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু ৯০ ও গসাগু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?
ক) ৬৫ খ) ৭৫ গ) ৮৫ ঘ) ৯৫
উত্তর: খ) ৭৫
ব্যাখ্যা: গসাগু ১৫, তাই ধরি সংখ্যা দুটি ১৫x ও ১৫y (যেখানে x, y পরস্পর মৌলিক)। লসাগু = ১৫xy = ৯০ ⇒ xy = ৬। তাই x, y = (২, ৩) বা (১, ৬); (২, ৩) নিলে সংখ্যা দুটি ৩০ ও ৪৫। মোট সদস্য = ৩০ + ৪৫ = ৭৫ জন।
৫৩. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৮
উত্তর: গ) ৬
ব্যাখ্যা: কাফি ১ দিনে করে ১/১০ অংশ ও খলিল ১/১৫ অংশ। একত্রে ১ দিনে = ১/১০ + ১/১৫ = ৩/৩০ + ২/৩০ = ৫/৩০ = ১/৬ অংশ। সম্পূর্ণ কাজে সময় = ৬ দিন।
৫৪. একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?
ক) ৬৫ মিটার খ) ৭০ মিটার গ) ৭৫ মিটার ঘ) ৮০ মিটার
উত্তর: গ) ৭৫ মিটার
ব্যাখ্যা: ধরি লাঠির দৈর্ঘ্য x মিটার। শর্তমতে, ০.৪০x + ৪৫ = x ⇒ ০.৬০x = ৪৫ ⇒ x = ৭৫। লাঠিটির দৈর্ঘ্য ৭৫ মিটার।
৫৫. বার্ষিক শতকরা (২৫/২)% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
ক) ১০০ খ) ২০০ গ) ৩০০ ঘ) ৪০০
উত্তর: খ) ২০০
ব্যাখ্যা: সুদের হার r = ২৫/২% = ১/৮; সময় n = ৪ বছর; সুদ I = ১০০। সূত্র: I = Pnr ⇒ P = I/(n·r) = ১০০/(৪ × ১/৮) = ১০০ × ৮/৪ = ২০০ টাকা।
৫৬. ৫ টাকায় ৮টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
ক) ৩০% খ) ৩২% গ) ৩৩⅓% ঘ) ৩৪%
উত্তর: গ) ৩৩⅓%
ব্যাখ্যা: প্রতিটি কলার ক্রয়মূল্য = ৫/৮ টাকা; প্রতিটি কলার বিক্রয়মূল্য = ৫/৬ টাকা। লাভ = ৫/৬ − ৫/৮ = (২০ − ১৫)/২৪ = ৫/২৪ টাকা প্রতিটি। শতকরা লাভ = (৫/২৪ ÷ ৫/৮) × ১০০ = (৮/২৪) × ১০০ = ১০০/৩ = ৩৩⅓%।
৫৭. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৬
উত্তর: ক) ২
ব্যাখ্যা: ধরি পানি x লিটার; দুধ = ৫x লিটার। শর্তমতে, ৫x − x = ৮ ⇒ ৪x = ৮ ⇒ x = ২। পানির পরিমাণ ২ লিটার।
৫৮. x³ + 6x²y + 11xy² + 6y³ এর উৎপাদক নিচের কোনটি?
ক) (x + y)(x + 2y)(x + 3y) খ) (x + y)(x − 2y)(x − 3y) গ) (x − y)(x − 2y)(x − 3y) ঘ) (x − y)(x + 2y)(x − 3y)
উত্তর: ক) (x + y)(x + 2y)(x + 3y)
ব্যাখ্যা: x = −y বসালে রাশিটি ০ হয় ⇒ (x + y) একটি উৎপাদক। ভাগফল x² + 5xy + 6y² = (x + 2y)(x + 3y)। তাই সম্পূর্ণ উৎপাদক: (x + y)(x + 2y)(x + 3y)।
৫৯. x = √5 + √4 হলে x² + (1/x²) এর মান কত?
ক) 36 খ) 27 গ) 18 ঘ) 9
উত্তর: গ) 18
ব্যাখ্যা: x = √5 + √4 হলে 1/x = √5 − √4 (rationalize করে)। তাই x + 1/x = 2√5। এখন x² + 1/x² = (x + 1/x)² − 2 = (2√5)² − 2 = 20 − 2 = 18।
৬০. 18(x+y)³, 24(x+y)² এবং 32(x²−y²) এর গসাগু কোনটি?
ক) 2(x + y) খ) x − y গ) x + y ঘ) 2(x − y)
উত্তর: ক) 2(x + y)
ব্যাখ্যা: প্রতিটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করি — 18(x+y)³ = 2·3²·(x+y)³; 24(x+y)² = 2³·3·(x+y)²; 32(x²−y²) = 2⁵·(x+y)(x−y)। প্রতিটি রাশিতে সাধারণ উৎপাদক সংখ্যাগত ২ এবং বীজগণিতিক (x+y)। তাই গসাগু = 2(x + y)।
৬১. (−27)^(4/3) এর মান কত?
ক) 81 খ) −81 গ) +81 ঘ) +27
উত্তর: ক) 81
ব্যাখ্যা: (−27)^(4/3) = [(−27)^(1/3)]⁴ = (−3)⁴ = 81 (জোড় ঘাত হওয়ায় ধনাত্মক)।
৬২. (x^(p−q))^(p+q) · (x^(q−r))^(q+r) · (x^(r−p))^(r+p) এর মান কত?
ক) 0 খ) p + q গ) q + r ঘ) 1
উত্তর: ঘ) 1
ব্যাখ্যা: ঘাত-গুলো যোগ করলে: (p²−q²) + (q²−r²) + (r²−p²) = 0। সুতরাং রাশিটি x⁰ = 1।
৬৩. log₁₀x = −2 হলে x এর মান কত?
ক) 0.01 খ) 0.001 গ) 0.05 ঘ) 0.005
উত্তর: ক) 0.01
ব্যাখ্যা: log₁₀x = −2 ⇒ x = 10⁻² = 1/100 = 0.01।
৬৪. (log₁₀x)² = log₁₀x² হলে x এর মান কত?
ক) 1, 0 খ) 1, 10 গ) 1, 100 ঘ) 10, 100
উত্তর: গ) 1, 100
ব্যাখ্যা: log₁₀x² = 2·log₁₀x। ধরি log₁₀x = t। তখন t² = 2t ⇒ t(t − 2) = 0 ⇒ t = 0 বা t = 2। t = 0 হলে x = 10⁰ = 1; t = 2 হলে x = 10² = 100। সুতরাং x = 1 অথবা 100।
৬৫. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার?
ক) 15 খ) 20 গ) 25 ঘ) 30
উত্তর: ক) 15
ব্যাখ্যা: পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) ⇒ 2(x + 5) = 40 ⇒ x + 5 = 20 ⇒ x = 15। দৈর্ঘ্য 15 মিটার।
৬৬. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি 30° ও 60°; ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?
ক) 1 : √3 : 2 খ) 1 : √3 : √2 গ) 1 : 2 : 3 ঘ) 1 : 3 : 2
উত্তর: ক) 1 : √3 : 2
ব্যাখ্যা: 30-60-90 ত্রিভুজে বাহুর অনুপাত সবসময় 1 : √3 : 2 (যথাক্রমে 30° এর বিপরীত, 60° এর বিপরীত ও অতিভুজ)। যাচাই: 1² + (√3)² = 1 + 3 = 4 = 2² (পাইথাগোরাস সিদ্ধান্ত)।
৬৭. কোনো বৃত্তের যেকোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
ক) 15° খ) 45° গ) 60° ঘ) 75°
উত্তর: ঘ) 75°
ব্যাখ্যা: বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাই বৃত্তস্থ কোণ = 30°/2 = 15°। পূরক কোণ = 90° − 15° = 75°।
৬৮. 1 সেমি, 2 সেমি, 3 সেমি ও 4 সেমি দৈর্ঘ্যবিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে?
ক) 2 খ) 1 গ) 3 ঘ) 4
উত্তর: খ) 1
ব্যাখ্যা: ত্রিভুজের যেকোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। সম্ভাব্য জোড়া: (1,2,3): 1+2=3, সম্ভব নয়; (1,2,4): 1+2=3<4, নয়; (1,3,4): 1+3=4, নয়; (2,3,4): 2+3=5>4, সম্ভব। তাই মাত্র ১টি ত্রিভুজ সম্ভব।
৬৯. 5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সেমি?
ক) 4 খ) 5 গ) 6 ঘ) 7
উত্তর: গ) 6
ব্যাখ্যা: জ্যা AB, কেন্দ্র O, লম্ব OC (C = জ্যার মধ্যবিন্দু)। OA = 5 (ব্যাসার্ধ), OC = 4। সমকোণী ত্রিভুজ OAC-তে AC = √(OA² − OC²) = √(25 − 16) = √9 = 3। জ্যা AB = 2 × AC = 6 সেমি।
৭০. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেমি। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক) 128 খ) 130 গ) 132 ঘ) 140
উত্তর: ক) 128
ব্যাখ্যা: বাহু a = 8; কর্ণ = a√2 = 8√2। কর্ণের উপর অঙ্কিত বর্গের বাহু = 8√2; ক্ষেত্রফল = (8√2)² = 64 × 2 = 128 বর্গ সেমি।
৭১. বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি —
ক) সূক্ষ্মকোণ খ) স্থূলকোণ গ) সমকোণ ঘ) সরলকোণ
উত্তর: খ) স্থূলকোণ
ব্যাখ্যা: অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অধিচাপে (মেজর আর্ক) অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আর উপচাপে (মাইনর আর্ক) অন্তর্লিখিত কোণ স্থূলকোণ হয়।
৭২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার?
ক) 20 খ) 40 গ) 60 ঘ) 80
উত্তর: গ) 60
ব্যাখ্যা: ধরি প্রস্থ x মিটার; দৈর্ঘ্য 3x/2 মিটার। ক্ষেত্রফল x · 3x/2 = 216 ⇒ 3x² = 432 ⇒ x² = 144 ⇒ x = 12। দৈর্ঘ্য = 3 × 12 / 2 = 18। পরিসীমা = 2(18 + 12) = 60 মিটার।
৭৩. ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ৭ : ৮ হলে ক : গ = কত?
ক) ৪ : ৫ খ) ৪ : ৮ গ) ৭ : ১০ ঘ) ৫ : ৮
উত্তর: গ) ৭ : ১০
ব্যাখ্যা: ক : খ = ৪ : ৫ = ২৮ : ৩৫ (৭ দিয়ে গুণ); খ : গ = ৭ : ৮ = ৩৫ : ৪০ (৫ দিয়ে গুণ)। এখন খ-এর মান সমান, তাই ক : গ = ২৮ : ৪০ = ৭ : ১০।
৭৪. −2x² + 4x − 5 রাশিটির সর্বোচ্চ মান কত?
ক) 1 খ) −2 গ) −3 ঘ) −4
উত্তর: গ) −3
ব্যাখ্যা: রাশিটির শীর্ষবিন্দু x = −b/2a = −4/(−4) = 1। x = 1 বসালে −2(1)² + 4(1) − 5 = −2 + 4 − 5 = −3। যেহেতু a = −2 < 0, রাশি নিম্নমুখী প্যারাবোলা, তাই সর্বোচ্চ মান = −3।
৭৫. PQ রেখাংশকে R বিন্দুতে এমনভাবে অন্তর্বিভক্ত করা হলো যেন PR : QR = PQ : PR (যেখানে PR > QR)। সমানুপাতটি কত?
ক) 1 : 1.618 খ) 1 : 0.618 গ) 1.618 : 1 ঘ) 0.618 : 1
উত্তর: খ) 1 : 0.618
ব্যাখ্যা: এটি Golden Ratio (স্বর্ণালী অনুপাত) — φ ≈ 1.618033988749। PR/QR = PQ/PR = φ। ধরি PR = a, QR = b। তাহলে a/b = (a+b)/a ⇒ 1 + b/a = a/b ⇒ b/a = 0.618। অতএব PR : QR = 1 : 0.618।
সাধারণ জ্ঞান (প্রশ্ন ৭৬-১০০)
৭৬. বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?
ক) ৩.৩০ কিমি খ) ৩.৩১ কিমি গ) ৩.৩২ কিমি ঘ) ৩.৩৩ কিমি
উত্তর: গ) ৩.৩২ কিমি
ব্যাখ্যা: বঙ্গবন্ধু টানেল (কর্ণফুলী টানেল) দক্ষিণ এশিয়ার নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর ২০২৩ সালে টানেলটি উদ্বোধন করেন। টানেলের মূল দৈর্ঘ্য ৩.৩২ কিমি (৩৩১৫ মিটার); এপ্রোচ সড়কসহ মোট দৈর্ঘ্য প্রায় ৯.৩৯ কিমি। উৎস: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
৭৭. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?
ক) সাতক্ষীরা খ) ভোলা গ) চাঁদপুর ঘ) নোয়াখালী
উত্তর: খ) ভোলা
ব্যাখ্যা: ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় ব-দ্বীপ; ১৯৮৪ সালে জেলা হিসেবে স্বীকৃতি পায়। এতে ৭টি উপজেলা ও ৭০টি ইউনিয়ন রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ এবং সুন্দরবন বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল; অপশনে সুন্দরবন না থাকায় অধিক গ্রহণযোগ্য উত্তর ভোলা। উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার 'আয়রন লেডি' খেতাবে ভূষিত করে?
ক) দ্য ইকোনমিস্ট খ) নিউজউইক গ) দ্য গার্ডিয়ান ঘ) রয়টার্স
উত্তর: ক) দ্য ইকোনমিস্ট
ব্যাখ্যা: ব্রিটিশ সাময়িকী 'দ্য ইকোনমিস্ট' শেখ হাসিনাকে এশিয়ার 'আয়রন লেডি' হিসেবে উল্লেখ করে। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধান। অন্যান্য খেতাব: 'মাদার অব হিউম্যানিটি' — ব্রিটিশ মিডিয়া; 'কারিশম্যাটিক লিডার' — মিশরের রাষ্ট্রদূত।
৭৯. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
ক) চীন খ) ভারত গ) রাশিয়া ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: গ) রাশিয়া
ব্যাখ্যা: পাবনা জেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে রাশিয়ার সহায়তায়। দুটি ইউনিটে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এটি বাংলাদেশে একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। উৎস: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
৮০. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক) কপোতাক্ষ খ) যমুনা গ) মেঘনা ঘ) করতোয়া
উত্তর: ঘ) করতোয়া
ব্যাখ্যা: মহাস্থানগড় বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। ইতিহাসে এটি পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল — প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। উৎস: বাংলাপিডিয়া।
৮১. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?
ক) তারামন বিবি ও ময়মুনা বিবি খ) সিতারা বেগম ও ময়মুনা বিবি গ) তারামন বিবি ও সিতারা বেগম ঘ) ময়মুনা বিবি ও সিতারা বেগম
উত্তর: গ) তারামন বিবি ও সিতারা বেগম
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকার জন্য 'বীরপ্রতীক' খেতাব পাওয়া দুই নারী — ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও তারামন বিবি। তারামন বিবি মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টরে ছিলেন। ডা. সিতারা বেগম ২ নম্বর সেক্টরের 'বাংলাদেশ হাসপাতালে' চিকিৎসা সেবা দিয়েছেন।
৮২. ওয়াংগালা কাদের উৎসব?
ক) কুকিদের খ) গারোদের গ) চাকমাদের ঘ) মারমাদের
উত্তর: খ) গারোদের
ব্যাখ্যা: 'ওয়াংগালা' গারো উপজাতির প্রধান উৎসব — এটি নতুন ফসলের কৃতজ্ঞতা প্রকাশক উৎসব। গারোদের মূল নিবাস ময়মনসিংহের গারো পাহাড়ি এলাকা। তাদের প্রধান দেবতা 'তাতারা রাবুগা', ভাষা মান্দি, পরিবার মাতৃতান্ত্রিক। উৎস: বাংলাপিডিয়া।
৮৩. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে?
ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৮১ সালে
উত্তর: গ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা: স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়; তখন জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি। এ পর্যন্ত মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে — ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে। ২০২২ সালের নাম 'জনশুমারি ও গৃহগণনা'। উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৮৪. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
ক) ১৯০৫ সালে খ) ১৯১১ সালে গ) ১৯০৬ সালে ঘ) ১৯০৯ সালে
উত্তর: খ) ১৯১১ সালে
ব্যাখ্যা: লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ ঘোষণা করেন, যা ১৫ অক্টোবর কার্যকর হয়। হিন্দু সম্প্রদায়ের তীব্র বিরোধিতার কারণে ১৯১১ সালের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ দিল্লিতে অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। উৎস: বাংলাপিডিয়া।
৮৫. নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয়?
ক) ১১ দফা খ) ২১ দফা গ) ৬ দফা ঘ) ৪ দফা
উত্তর: গ) ৬ দফা
ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবিসংবলিত ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। ৬ দফা বাঙালি জাতির 'মুক্তির সনদ' বা 'ম্যাগনাকার্টা' হিসেবে পরিচিত। ৬ দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।
৮৬. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন?
ক) জর্ডান খ) ফিলিস্তিন গ) মিশর ঘ) লেবানন
উত্তর: ঘ) লেবানন
ব্যাখ্যা: হিজবুল্লাহ লেবাননের শিয়া সম্প্রদায়ভুক্ত সামরিক ও রাজনৈতিক সংগঠন; ১৯৮৫ সালে গঠিত। এটি ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ-বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি-বিরোধী মতাদর্শের অনুসারী; মূলত ইরানের উদ্যোগে সংগঠনটির জন্ম হয়। বর্তমানে হিজবুল্লাহ লেবানন সরকারে প্রতিনিধিত্ব করে।
৮৭. জাপানের পার্লামেন্টের নাম কী?
ক) ডায়েট খ) কায়েট গ) লোকসভা ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি
উত্তর: ক) ডায়েট
ব্যাখ্যা: জাপানের পার্লামেন্টের নাম 'ডায়েট' (Diet)। এটি দ্বিকক্ষবিশিষ্ট — উচ্চকক্ষ 'House of Councillors' (২৪২ আসন) ও নিম্নকক্ষ 'House of Representatives' (৪৭৫ আসন)। জাপানকে অতীতে Nippon বা Nihon নামে ডাকা হতো। উৎস: Encyclopedia Britannica।
৮৮. 'ফিফা বিশ্বকাপ ২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে?
ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো খ) জেনেভা, রাশিয়া, ফ্রান্স গ) ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনেজুয়েলা ঘ) কাতার, দুবাই, বাহরাইন
উত্তর: ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
ব্যাখ্যা: ফিফা বিশ্বকাপের ২৩তম আসর ২০২৬ সালে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে — এটি প্রথমবারের মতো তিনটি দেশ সম্মিলিত আয়োজক। আসরে ৪৮টি দল অংশগ্রহণ করবে (আগের ৩২ দল থেকে বৃদ্ধি)। উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৮৯. SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক) ৬৯তম খ) ৭০তম গ) ৭১তম ঘ) ৭৩তম
উত্তর: খ) ৭০তম
ব্যাখ্যা: SDG (Sustainable Development Goals — টেকসই উন্নয়ন লক্ষ্য) জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদে ২০১৫ সালে গৃহীত হয়। এর মেয়াদ ২০১৬-২০৩০ সাল। মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর অধীনে ১৬৯টি টার্গেট রয়েছে। উৎস: জাতিসংঘ ও SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৯০. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
ক) লিরা খ) ক্রৌনা গ) বাথ ঘ) রিংগিত
উত্তর: গ) বাথ
ব্যাখ্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ (Baht)। অন্যদিকে রিঙ্গিত মালয়েশিয়ার এবং লিরা তুরস্কের মুদ্রা। উৎস: Encyclopedia Britannica।
৯১. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) তাওয়াক্কোল কারমান খ) নার্গিস মোহাম্মদী গ) মালালা ইউসুফজাই ঘ) শিরিন এবাদী
উত্তর: খ) নার্গিস মোহাম্মদী
ব্যাখ্যা: ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। একই বছরে সাহিত্যে নোবেল পান নরওয়েজীয় লেখক ইয়ন ফসি; অর্থনীতিতে হার্ভার্ডের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন। উৎস: nobelprize.org।
৯২. IMF-এর সদর দপ্তর কোথায়?
ক) ওয়াশিংটন ডিসি খ) নিউইয়র্ক গ) জেনেভা ঘ) লন্ডন
উত্তর: ক) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হয় Bretton Woods Conference (জুলাই ১৯৪৪); আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫; কার্যক্রম শুরু ১৯৪৭ সালের মার্চে। বর্তমান সদস্য ১৯০টি দেশ। উৎস: IMF ওয়েবসাইট।
৯৩. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক) উ থান্ট খ) ট্রিগভে লি গ) দ্যাগ হ্যামারশোল্ড ঘ) গুতেরেস
উত্তর: খ) ট্রিগভে লি
ব্যাখ্যা: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভে লি (Trygve Lie)। বর্তমান ও নবম মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেস (২০১৭ থেকে)। মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পান — দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।
৯৪. জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ইরাক ঘ) সৌদি আরব
উত্তর: ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (প্রায় ১১.২ মিলিয়ন ব্যারেল/দিন)। দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় স্থানে সৌদি আরব। উৎস: Forbes.com; U.S. Energy Information Administration।
৯৫. 'লেসে ফের' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক) সমাজতান্ত্রিক খ) খেলাধুলা গ) গণতন্ত্র ঘ) মুক্তবাজার
উত্তর: ঘ) মুক্তবাজার
ব্যাখ্যা: 'Laissez-faire' একটি অর্থনৈতিক দর্শন যা মুক্তবাজার পুঁজিবাদের পক্ষে অবস্থান নেয় এবং অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করে। অষ্টাদশ শতকে ফরাসি ফিজিওক্র্যাটরা এ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। উৎস: Investopedia; IMF।
৯৬. কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক) বায়ু প্রবাহ খ) বারিপাত গ) সমুদ্র স্রোত ঘ) বায়ুর আর্দ্রতা
উত্তর: গ) সমুদ্র স্রোত
ব্যাখ্যা: জলবায়ুর প্রধান উপাদান — বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত। সমুদ্রস্রোত জলবায়ুর উপাদান নয়; এটি জলবায়ুর একটি 'নিয়ামক' (climate control)। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯৭. সবজি চাষ বিদ্যাকে কী বলে?
ক) Horticulture খ) Arboriculture গ) Floriculture ঘ) Vegeculture
উত্তর: ক) Horticulture
ব্যাখ্যা: সবজি চাষ পালন বিদ্যাকে মূলত বলা হয় 'Olericulture' (অলেরিকালচার) — যা 'Horticulture'-এর একটি শাখা। যেহেতু অপশনে Olericulture নেই, অধিক গ্রহণযোগ্য উত্তর Horticulture (উদ্যানপালন)। অন্যান্য: Floriculture = ফুল চাষ; Arboriculture = বৃক্ষবিদ্যা; Sericulture = রেশম; Apiculture = মৌমাছি; Pisciculture = মৎস্য।
৯৮. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
ক) উত্তর-পশ্চিম খ) দক্ষিণ গ) দক্ষিণ-পশ্চিম ঘ) মধ্য অঞ্চল
উত্তর: গ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা: ১৯৯৩ সালে বাংলাদেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিভক্ত করা হয়: (১) মারাত্মক ঝুঁকিপূর্ণ — উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল; (২) মাঝারি ঝুঁকিপূর্ণ — মধ্যাঞ্চল; (৩) কম ঝুঁকিপূর্ণ — দক্ষিণ-পশ্চিমাঞ্চল। উৎস: ভূগোল ও পরিবেশ, HSC।
৯৯. রক্তে Platelet-এর কাজ কী?
ক) O₂ পরিবহন খ) সংক্রমণ প্রতিরোধ গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ঘ) রক্তের PH নির্ধারণ করে
উত্তর: গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
ব্যাখ্যা: Platelet বা অণুচক্রিকার প্রধান কাজ রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা (blood clotting)। ক্ষত হলে অণুচক্রিকা Thromboplastin নামক পদার্থ তৈরি করে, যা Prothrombin কে Thrombin এ পরিণত করে এবং শেষে Fibrinogen থেকে Fibrin জাল তৈরি হয়ে রক্ত জমাট বাঁধে। উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০০. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
ক) ইন্টারনেট খ) ইন্টারকম গ) ই-মেইল ঘ) ইন্টারস্পিড
উত্তর: ক) ইন্টারনেট
ব্যাখ্যা: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তি ও পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ককে ইন্টারনেট বলে। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের 'ARPANET' নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।